প্রবাস বুলেটিন ডেস্ক | ২৫ জুন ২০২৬
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কোনো অবস্থাতেই সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ধরনের কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে স্বাক্ষর প্রদান বা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের কর্মকাণ্ড প্রবাসীদের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।
দূতাবাস জানায়, অসাধু ব্যক্তি বা চক্র সাদা কাগজে নেওয়া স্বাক্ষর বা টিপসই ব্যবহার করে আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র প্রস্তুত, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত জটিলতার সম্মুখীন হতে পারেন।
এ পরিস্থিতিতে কোনো লিখিত কাগজপত্র, চুক্তিপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে নেওয়া এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়। তাই কোনো নথিতে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে অবশ্যই তার উদ্দেশ্য, বিষয়বস্তু এবং আইনগত দিক সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
