ঢাকা, ৯ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো প্রার্থীর মেডিকেল পরীক্ষা করানো বা এ-সংক্রান্ত অর্থ লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। পাশাপাশি কোনো কর্মীর পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ বা লেনদেনও করা যাবে না।
মন্ত্রণালয় আরও জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলে তা যথাসময়ে গণমাধ্যম এবং সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত গুজব, অপপ্রচার বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মালয়েশিয়া গমন-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল-এর সঙ্গে টেলিফোন, মোবাইল ফোন বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহেরও আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
