প্রবাস বুলেটিন ডেস্ক
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পুত্রজায়ায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং দেশটির উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং অংশ নেন।
বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো, ইসলামী অর্থায়ন সম্প্রসারণ, অর্থপাচার প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
প্রবাসী শ্রমিকদের ব্যাংক আমানত উত্তোলন সহজ করার উদ্যোগ
বৈঠকে মালয়েশিয়া থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দেশটির ব্যাংকে থাকা আমানত উত্তোলনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং দুই দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়।
আলোচনায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘খাজানাহ’-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে। একই সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত একটি তহবিলে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে অভিন্ন অঙ্গীকার
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিকভাবে লাভজনক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে বৈঠকে আলোচিত বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে তার আগ্রহের কথা জানান।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন
বৈঠকে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন উপ-হাইকমিশনার সাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসাইন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনায় উঠে আসা বিষয়গুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
