প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বর্তমানে পাসপোর্ট জালিয়াতি সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১০ জুন) রাতে জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতার আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ সম্মান ও অগ্রাধিকার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অপরিসীম। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল সেবাখাতে বিশেষ প্রটোকল ও অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।
তিনি জানান, এ লক্ষ্যে স্বরাষ্ট্র, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ
মালয়েশিয়ার শ্রমবাজারকে বাংলাদেশি কর্মীদের জন্য আরও উন্মুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তার এ সফর শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
৭১টি বাংলাদেশ মিশনে চালু হয়েছে ই-পাসপোর্ট
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের ৭৩টি বাংলাদেশ মিশনের মধ্যে ৭১টিতে ইতোমধ্যে আধুনিক ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। গত ছয় মাসে বিদেশে ইস্যুকৃত পাসপোর্টের প্রায় ৮৬ শতাংশই ই-পাসপোর্ট।
তিনি বলেন, প্রবাসে অবস্থানরত বয়স্ক নাগরিকরা জাতীয় পরিচয়পত্র না থাকলেও ডিজিটাল জন্মনিবন্ধন সনদের মাধ্যমে তথ্য সংশোধন ও পাসপোর্টের আবেদন করতে পারছেন। পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দ্রুত পাসপোর্ট প্রদান, অনলাইন পেমেন্ট, এসএমএস ট্র্যাকিং এবং প্রত্যন্ত অঞ্চলে মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
‘বায়োমেট্রিক প্রযুক্তিতে বন্ধ হয়েছে পাসপোর্ট জালিয়াতি’
মন্ত্রী বলেন, ১০ আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানভিত্তিক বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে পাসপোর্ট জালিয়াতি কার্যত বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে প্রবাসীদের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তবে মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ কয়েকটি দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে প্রবাসীদের যে ভোগান্তি হচ্ছে, তা নিরসনে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলে জানান তিনি।
মানবপাচার ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রেমিট্যান্স খাতকে তথাকথিত আদম ব্যবসা, মানবপাচার ও অর্থপাচারের মাধ্যমে কলঙ্কিত করা হয়েছিল। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, ইতোমধ্যে ১০০ জন প্রভাবশালী অপরাধীর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে কঠোর আইন ও সীমাবদ্ধতার মধ্যেও তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।
প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার নির্দেশনা বহাল
মন্ত্রী জানান, কোনো প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যমান ‘স্ট্যান্ডিং অর্ডার’ অনুযায়ী প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একই সঙ্গে লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপগামী বাংলাদেশিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
দক্ষ জনশক্তি তৈরিতে নতুন শিক্ষা পরিকল্পনা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। তরুণদের উন্নত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় উৎসাহিত করতে দেশব্যাপী টেকনিক্যাল প্রশিক্ষণের পরিধি বাড়ানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হয়।
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান
বক্তব্যের শেষদিকে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
