সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়া ডায়ালগ’-এ প্রতিমন্ত্রী নুরুল হক

ঢাকা | ১৪ জুন ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ জনশক্তি উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কাঠামোগত ‘শিক্ষা-থেকে-কর্মসংস্থান’ করিডোর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত, প্রশিক্ষণ সংস্থা এবং নিয়োগদাতাদের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।

শনিবার রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁসে অনুষ্ঠিত ‘Bangladesh Japan Kyaria Dialogue’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভাষা প্রশিক্ষণ বিশেষজ্ঞ এবং শিল্প ও কর্পোরেট খাতের নেতৃবৃন্দ অংশ নেন। তারা বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, জাপানে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে এবং বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি দক্ষতা, ভাষা শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু জনশক্তি পাঠানো নয়, বরং দক্ষ, প্রশিক্ষিত ও প্রতিযোগিতামূলক কর্মী তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে দেশের রেমিট্যান্স প্রবাহের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতারও উন্নয়ন ঘটবে।

সংলাপে অংশগ্রহণকারীরা মতামত দেন যে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং জাপানি নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে একটি টেকসই শিক্ষা-থেকে-কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর সরাসরি আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবেন।

বক্তারা জাপানি ভাষা শিক্ষা সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি শক্তিশালীকরণ, শিল্পখাতের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ-জাপান ক্যারিয়া ডায়ালগের মাধ্যমে দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পথ আরও সুগম হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের তরুণদের জন্য জাপানের উচ্চমানের শ্রমবাজারে প্রবেশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও কর্মসংস্থান অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version