ঢাকা, ১৭ জুন ২০২৬:
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা, বিদেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অধিক সংখ্যক দক্ষ ও আধা-দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে প্রবাসীদের কল্যাণ সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও আলোচনা হয়।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও শক্তিশালী করা সম্ভব হবে এবং নতুন নতুন আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে।
সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।

