প্রবাস বুলেটিন ডেস্ক
সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট (ইকামা) ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে এক বা দুই বছরের পরিবর্তে মাত্র তিন মাস মেয়াদের জন্যও ইকামা ইস্যু ও নবায়ন করা যাবে। নতুন এই ব্যবস্থার ফলে নিয়োগকর্তাদের এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের বাধ্যবাধকতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং সরকারি নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ যৌথভাবে এই নতুন ডিজিটাল সেবা চালু করেছে। সৌদির স্থানীয় গণমাধ্যম ওকাজ এ তথ্য জানিয়েছে।
এর আগে গৃহকর্মীদের ইকামা নবায়নের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এক বা দুই বছরের ফি একসঙ্গে পরিশোধ করতে হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন প্রয়োজন অনুযায়ী ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।
এ সেবা সম্পূর্ণ অনলাইনে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে গ্রহণ করা যাবে। ফলে ঘরে বসেই সহজে ইকামা নবায়নের আবেদন ও ফি পরিশোধ করা সম্ভব হবে।
নতুন ব্যবস্থায় নিয়োগকর্তাদের শুধুমাত্র নির্বাচিত মেয়াদের জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ, কেউ যদি তিন মাসের জন্য ইকামা নবায়ন করেন, তাহলে তাকে কেবল ওই তিন মাসের ফি দিতে হবে। পরবর্তী নবায়নের সময় আবার একইভাবে প্রয়োজনীয় সময়ের জন্য ফি পরিশোধ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালি কাজের বিভিন্ন ধরনের চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রেসিডেন্সি সেবাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করা এবং সরকারি ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই ব্যবস্থা সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের নিয়োগ প্রক্রিয়াকে আরও নমনীয় করবে এবং নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি ইকামা নবায়ন প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
