প্রবাস বুলেটিন ডেস্ক
প্রবাসীদের সততা, মানবিকতা ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতি দিতে শুধু সিআইপি (CIP) নয়, সাধারণ প্রবাসীদেরও জাতীয় পর্যায়ে সম্মানিত করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস’ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রবাসীদের সততা ও মানবিকতার নানা দৃষ্টান্ত তুলে ধরেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, বিপদে পড়া সহকর্মী বা স্থানীয় নাগরিকদের জীবন রক্ষা করা এবং অসুস্থ মানুষের প্রয়োজনে রক্ত দেওয়ার মতো প্রশংসনীয় কর্মকাণ্ডে যুক্ত প্রবাসীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে কর্মরত বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না; তাদের সততা, মানবিকতা ও দায়িত্বশীল আচরণও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তাই এমন প্রবাসীদের খুঁজে বের করে জাতীয় ও প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত করা প্রয়োজন।
জেলা-উপজেলা ও দূতাবাসেও দিবস পালনের নির্দেশ
সভায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস’ শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়েও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতেও দিবস দুটি যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের অবদান ও অধিকার সম্পর্কে জনসচেতনতা আরও বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিক্রুটিং এজেন্সিতে দ্রুত গ্রেডিং পদ্ধতির তাগিদ
সভায় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম ও প্রতারণা কমাতেও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে দ্রুত ‘গ্রেডিং পদ্ধতি’ চালুর ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বিদেশগামী কর্মীদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে ভালো পারফরম্যান্স করা এজেন্সিগুলোকে উৎসাহিত এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, অতিরিক্ত সচিব আহমাদুল হক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
