কুয়ালালামপুর, ২২ জুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, শিক্ষা, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বাসস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ পুত্রজায়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সকাল ৯টায় তাঁরা পেরদানা পুত্রা ভবনে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁদের স্বাগত জানান।
লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার
আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
গার্ড অব অনার পরিদর্শনের পর দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের প্রবেশপথে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনা
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রমবাজার, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা গুরুত্ব পায়
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি প্রেরণ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যৌথ সংবাদ সম্মেলন
দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ সময় মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
প্রথম রাষ্ট্রীয় সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
