সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট, ১৬ মে ২০২৬

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক আবাসন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলেও জানান তিনি।

শনিবার সিলেটের Grand Sylhet Hotel & Resort-এ অনুষ্ঠিত “Globalizing Sylhet” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, রেমিট্যান্স প্রবাহ ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটকে পরিচিত করে তুলতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রবাসীদের বিনিয়োগকে আরও নিরাপদ ও সহজ করতে বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে।

তিনি জানান, দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব আবাসনে বিভিন্ন নাগরিক সুবিধা থাকবে এবং সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগও করবে, পারিবারিক বন্ধনও আরও শক্ত হবে।”

এসময় তিনি সিলেটের Osmani International Airport-এর আধুনিকায়ন ও প্রবাসীবান্ধব সেবা সম্প্রসারণের বিষয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও করা হবে।

মন্ত্রী আরও জানান, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সরকারি ব্যবস্থা ইতোমধ্যে চালু হয়েছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী এবং আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version