সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা, ১৭ মে ২০২৬

বাংলাদেশ থেকে নতুন করে আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান Dubai Taxi Company। এর মধ্যে চলতি ধাপেই ১ হাজার ৫০০ ড্রাইভার নিয়োগের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

মন্ত্রী আরও অনুরোধ জানান, দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়েও যেন কর্মীদের বেতন-ভাতা প্রদান করা হয়। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য ‘হোয়াইট কলার’ পেশাজীবী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি দল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী দুবাই ট্যাক্সি কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী ও দক্ষ হওয়ায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও উল্লেখ করেন তারা।

প্রতিনিধিরা আরও জানান, দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন। আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চালক বাছাই কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় তারা ঋণ বা কষ্ট করে এই অর্থ সংগ্রহ করেন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষ অনুরোধ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, Al Anas Overseas-এর ঊর্ধ্বতন প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version