ঢাকা | ১৫ জুলাই ২০২৬
নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ দুই দেশের কার্যক্রম সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসেই সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম চালু করা হচ্ছে। একই সঙ্গে ভৌগোলিক সুবিধা বিবেচনায় সুইডেনের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডেও এই সেবা সম্প্রসারণ করা হবে।
এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি চার সদস্যের কারিগরি দল আগামী ২৮ জুলাই সুইডেনে গিয়ে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শুরু করবে। এরপর এনআইডি মহাপরিচালক এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে একটি ব্যবস্থাপনা দল ৩০ জুলাই থেকে সেখানে কার্যক্রম পরিচালনা করবে। একই সময় নরওয়ে ও ফিনল্যান্ডেও সেবাটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এদিকে বাহরাইনে এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে একটি চার সদস্যের কারিগরি দল ১৩ জুলাই দেশটিতে যাওয়ার কথা রয়েছে। এছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল বাহরাইনে যোগ দেবে।
অন্যদিকে, সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনার জন্য ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল যাবে। পরে ২৯ জুলাই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশে এনআইডি নিবন্ধন ও বিতরণ কার্যক্রম পরিচালনার সব ব্যয় আইডিইএ (IDEA) প্রকল্প-২ থেকে বহন করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, বাহরাইন, সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডে কার্যক্রম শুরু হলে এ সেবা মোট ১৯টি দেশে সম্প্রসারিত হবে।

