মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লিসবন, পর্তুগাল

পর্যটক ভিসায় পর্তুগালে গিয়ে পরে পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণের ভিত্তিতে বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) নেওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে ইউরোপের দেশ Portugal। বাংলাদেশসহ সকল দেশের নাগরিকদের জন্য নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৭ মে) এ সংক্রান্ত একটি খসড়া আইন অনুমোদন করেছে পর্তুগালের মন্ত্রিপরিষদ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার উদ্দেশ্যে রেসিডেন্স পারমিট পেতে হলে আবেদনকারীকে নিজ দেশের পর্তুগিজ দূতাবাস বা কনস্যুলেট থেকে আগেই প্রয়োজনীয় ভিসা নিতে হবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, পর্তুগালে প্রবেশের পর আর পর্যটক ভিসা পরিবর্তন করে শিক্ষাভিত্তিক বসবাসের অনুমতির আবেদন করা যাবে না। খসড়া আইনটি এখন সংসদে পাঠানো হবে এবং সংসদে অনুমোদনের পর এটি কার্যকর হবে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম Diário de Notícias-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় পর্তুগালে প্রবেশের পর বিভিন্ন পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে বৈধভাবে থাকার আবেদন করছিলেন। সরকার মনে করছে, এই পদ্ধতি অনেক ক্ষেত্রে ‘ম্যানিফেস্টাসাও ডি ইন্টারেস্ট’ (Manifestação de Interesse)-এর বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বিশ্লেষকদের মতে, ইউরোপের অন্যতম অভিবাসীবান্ধব দেশ হওয়ায় বাংলাদেশ, ভারত, নেপাল, ব্রাজিলসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরা পড়াশোনা, কাজ ও বসবাসের উদ্দেশ্যে পর্তুগালে যান। নতুন এই সিদ্ধান্তে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে পর্তুগালে পড়াশোনা বা পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের নিজ দেশ থেকেই সঠিক ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি হবে। অন্যথায় পর্তুগালে গিয়ে ভিসার ধরন পরিবর্তনের সুযোগ আর থাকছে না।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version