প্রবাস বুলেটিন ডেস্ক

ইউরোপের দেশ রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চালু হয়েছে নতুন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওয়ার্কিং রোমানিয়া’

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই)-এর উদ্যোগে সমন্বিত এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো একটি একক অ্যাকাউন্ট ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ফলে প্রচলিত কাগজপত্রনির্ভর ও সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে অনলাইনেই বিভিন্ন ধাপ সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।

কমবে প্রশাসনিক জটিলতা

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগের মাধ্যমে বাস্তবায়িত ‘ওয়ার্কিং রোমানিয়া’ প্ল্যাটফর্মটি ২০২৬ সালের সংশোধিত ইমিগ্রেশন আইনের আওতায় তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশটির শ্রমবাজারে বিদেশি কর্মীদের নিয়োগ ও ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর জন্য একই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার সুযোগ থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময়ও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ভবিষ্যতে ভিসা ও রেসিডেন্স পারমিটও

রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইন নিবন্ধন, অনুমোদন এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি কাজের ভিসা এবং রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদনও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এতে বিদেশি কর্মীদের বৈধভাবে নিয়োগ ও অবস্থানের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের আইনি সুরক্ষাও জোরদার হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশি কর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ

ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে রোমানিয়ার এই ডিজিটাল উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়লে ভুয়া কাগজপত্র, দালালনির্ভরতা ও অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হবে।

তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নিয়োগের তথ্য যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version