প্রবাস বুলেটিন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রোববার দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পরিচয় শনাক্তে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ
দুর্ঘটনার খবর পাওয়ার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে তারা স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
বাংলাদেশ দূতাবাস এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ
এদিকে সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার রাতে দেওয়া এক শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অসীম শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
দুর্ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

