প্রবাস বুলেটিন ডেস্ক

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করতে দুই দিনের সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও থাকতে পারেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাতে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে আগ্রহী। তবে এ বিষয়ে কয়েকটি জটিলতা এখনও রয়ে গেছে। সেসব সমস্যা নিরসন এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনা করতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। সে সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল, পূর্ব অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন কর্মী ভিসায় আর কোনো বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পাননি।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে একাধিকবার কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলেও শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন করে উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত এপ্রিল মাসে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়া সফর করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির সরকারের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানান।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীকল্যাণমন্ত্রীর এবারের সফরে দুই দেশের মধ্যে চলমান আলোচনা আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version