সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ১ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে ইসরায়েলযুক্তরাষ্ট্র-এর চলমান সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র চলাচল, সামরিক ঘাঁটিতে হামলা এবং বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাতারে বিস্ফোরণের শব্দ, আতঙ্কিত প্রবাসীরা

কাতার-এ অবস্থানরত প্রবাসী ইয়াসিন হামিদ মোবাইলফোনে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার পর জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তিনি বলেন, “মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। প্রচণ্ড ভয় লাগছিল।”

কাতারের সানাইয়া এলাকায় কর্মরত বাংলাদেশি শ্রমিক হারুনুর রশিদ জানান, স্থানীয় সময় বেলা ১১টার দিকে হামলা শুরু হয়।
তার ভাষ্য, “আমাদের কর্মস্থল থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রায় এক ঘণ্টা দূরে। মরুভূমি ও সাগরের কাছাকাছি হওয়ায় সরাসরি ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে মিসাইল যখন আকাশ দিয়ে যায়, আমরা তা দেখতে পাই। বাইরে বের হলেই বোঝা যায় যুদ্ধের অস্ত্র কীভাবে চলাচল করছে।”

তিনি আরও বলেন, “সবাই এক ধরনের শঙ্কায় আছে। কোনো মিসাইল ভেঙে বা অকেজো হয়ে শহরের মধ্যে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

আরব আমিরাতে ফ্লাইট সীমিত, জনজীবনে প্রভাব

সংযুক্ত আরব আমিরাত-এ থাকা প্রবাসী আরিফ জানান, বেশ কিছু ফ্লাইট ও বিমানবন্দরের কার্যক্রম সীমিত বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, “রাস্তায় মানুষ খুব কম। আমরা যারা শ্রমিক, ডিউটিতে যাওয়া–আসা ছাড়া বাইরে যাচ্ছি না।”

দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনগুলো প্রবাসীদের নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দিচ্ছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা এবং জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। প্রয়োজনে জরুরি সহায়তা ও সমন্বয়ের জন্য প্রস্তুত থাকার কথাও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version