ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহযোগিতায় গত ১৩ ও ১৪ জুন এ বিশেষ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলের নেতৃত্বে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা সেবা কার্যক্রম পরিচালনা করেন। তুলুজ ও আশপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ কার্যক্রমে ৪০০-এর বেশি প্রবাসী ই-পাসপোর্ট সেবা গ্রহণ করেন। এছাড়া ১০০-এর বেশি ব্যক্তি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি, ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (WEWB) কার্ড-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন।
কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন। তুলুজের বাসিন্দা আবু শহীদ শরিফ বলেন, “পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য আগে প্যারিস যেতে হতো। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হতো। এবার তুলুজেই সেবা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।”
আরেক সেবাগ্রহীতা আমিনা হোসেন বলেন, “দূতাবাসের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি তাদের সহযোগিতামূলক মনোভাব আমাদের মুগ্ধ করেছে।”
বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল বলেন, “প্রবাসী বাংলাদেশিদের কাছে সরকারি সেবা সহজ, দ্রুত ও জটিলতামুক্তভাবে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যারা দূরবর্তী অঞ্চলে বসবাস করেন, তাদের সুবিধার কথা বিবেচনায় রেখে আমরা নিয়মিতভাবে মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করছি। তুলুজে প্রবাসীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, “প্রবাসীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও মানসম্মতভাবে নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সেবা কার্যক্রম প্রবাসীদের ভোগান্তি কমানোর পাশাপাশি দূতাবাস ও প্রবাসী কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুশৃঙ্খল পরিবেশে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রবাসীরা। একই সঙ্গে ভবিষ্যতে ফ্রান্সের অন্যান্য শহরেও এ ধরনের মোবাইল কনস্যুলার সেবা সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা।

