ঢাকা, ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রথম রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আনোয়ার ইব্রাহিম-এর দপ্তর। ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ এবং মেহরনিগরি রুস্তাম-এর গাওয়া গান ‘মহাজাদু’।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজন এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়।
ভিডিও প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পেয়েছে।
ভিডিওর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দিতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করবে। একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ান-এর মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার আরও বিস্তৃত সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সমঝোতা ও সহযোগিতা উদ্যোগ মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করবে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের এমন ভিডিও প্রকাশ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা এবং সাংস্কৃতিক সংযোগের একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে একটি বাংলা গান ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির প্রতি সম্মান ও আন্তরিকতার বার্তা তুলে ধরা হয়েছে।
প্রবাস বুলেটিন ডেস্ক

