ঢাকা | ২৯ জুন ২০২৬

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভারতের পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত সরকার। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল। প্রায় দুই বছর পর এই সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি জানিয়েছেন, পর্যটন ভিসা চালুর পাশাপাশি মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

যেভাবে করবেন টুরিস্ট ভিসার আবেদন

ভারতের টুরিস্ট ভিসার আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হয়। আবেদনকারীকে প্রথমে ভারতের অফিসিয়াল ভিসা আবেদন পোর্টালে প্রবেশ করে ‘সাধারণ ভিসা আবেদন’ (Regular Visa Application) নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে পর্যটক (Tourist Visa) নির্বাচন করতে হবে।

এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনা এবং পাসপোর্টের বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি Application ID বা Web File Number পাওয়া যাবে, যা ভবিষ্যতের সব কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।

পরে নির্ধারিত ফরম্যাটে একটি সাম্প্রতিক ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

টুরিস্ট ভিসার জন্য সাধারণত প্রয়োজন হবে—

  • কমপক্ষে ৬ মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট এবং অন্তত ২টি খালি পৃষ্ঠা
  • পূর্ববর্তী পাসপোর্ট (যদি থাকে)
  • সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ
  • বর্তমান ঠিকানার প্রমাণপত্র

পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি

  • চাকরিজীবী: অফিস থেকে No Objection Certificate (NOC) বা প্রত্যয়নপত্র
  • ব্যবসায়ী: হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠানের Bonafide Certificate

আর্থিক সক্ষমতার প্রমাণ

আবেদনকারীর আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা কমপক্ষে ১৫০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট জমা দিতে হবে। বিকল্প হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপিও গ্রহণযোগ্য।

ফি পরিশোধ ও অ্যাপয়েন্টমেন্ট

অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আইভ্যাকের নির্ধারিত পদ্ধতিতে ভিসা ফি পরিশোধ করতে হবে। এরপর আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত করা হয়। তবে স্লট বুক করতে হলে বিকেল সাড়ে ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আইভ্যাকে যা করতে হবে

নির্ধারিত তারিখে আবেদনকারীকে পাসপোর্ট, প্রিন্ট করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হতে হবে।

সেখানে কাগজপত্র যাচাইয়ের পর বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ, ছবি এবং আইরিশ (Iris) স্ক্যান—সংগ্রহ করা হবে। আবেদন শেষে একটি রিসিপ্ট দেওয়া হবে, যা পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।

ভিসা পেতে কত সময় লাগে?

সাধারণভাবে টুরিস্ট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে তিন কার্যদিবস সময় লাগে। তবে আবেদনপত্রের যাচাই-বাছাই ও অন্যান্য প্রশাসনিক কারণে সময় কিছুটা বাড়তে পারে।

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা

ভিসা আবেদন জমা দেওয়ার পর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকে না। তাই আবেদনপত্র পূরণের আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আবেদন শেষে পাওয়া Application ID বা Web File Number সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ ও আইভ্যাক সংশ্লিষ্ট তথ্য।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version