দেশের বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে গেছেন ১০ লাখ ১৫ হাজার ৩১১ জন কর্মী।

রোববার (১২ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সভায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বিগত বছরগুলোর বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও পরিসংখ্যান তুলে ধরে।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৫ লাখের বেশি কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন। ফলে দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে।

সৌদি আরবের পর প্রধান শ্রমবাজারগুলোর মধ্যে রয়েছে ওমান, যেখানে গেছেন ৯ লাখ ৩৬ হাজার কর্মী। এরপর রয়েছে মালয়েশিয়া (৮ লাখ ৪৫ হাজার) এবং কাতার (৭ লাখ ১৪ হাজার)।

সভায় আরও জানানো হয়, ২০২৫ সালে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO)সহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে ১১ লাখ ৩ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪১৯ জন পূর্ণাঙ্গ কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

বর্তমানে দেশব্যাপী ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এবং ১টি ডিটিটিটিআই-এর মাধ্যমে ৫৫টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শ্রমবাজারের বৈচিত্র্য আনতে বিএমইটির উদ্যোগে বর্তমানে জাপানি, কোরিয়ান, জার্মান ও ইতালিয়ানসহ মোট ৮টি বিদেশি ভাষায় বিশেষায়িত ভাষা শিক্ষা কোর্স চালু রয়েছে। এছাড়া নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে ১৪ হাজার ৪৫৩ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নারী কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬টি মহিলা টিটিসিতে আধুনিক ‘কেয়ারগিভিং’ কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে বলেও সভায় জানানো হয়।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও বিএমইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version