প্রবাস বুলেটিন ডেস্ক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে।
এ অবস্থায় ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ধারা ১৩ অনুযায়ী জনস্বার্থে এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
যেসব এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে
লাইসেন্স প্রত্যাহার হওয়া ৪৯টি এজেন্সির মধ্যে রয়েছে— ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড এবং এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।
১০০ এজেন্সির বিরুদ্ধে মামলা
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করার পরই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে বিদেশগামী কর্মীদের আর্থিক শোষণ রোধ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে জবাবদিহিতা বাড়াতে সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

