ঢাকা, ২০ জুন
জাপানে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী এবং দক্ষ মানবসম্পদ প্রেরণের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
“জাপানে উচ্চশিক্ষায় শিক্ষার্থী ও দক্ষ মানবসম্পদ প্রেরণে জাপানের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাবনা” শীর্ষক এ সভায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর এবং সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভায় জাপানের শ্রমবাজার ও শিক্ষা খাতে বিদ্যমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নীতি-নির্ধারক, ব্যাংকিং খাতের প্রতিনিধি এবং শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়, যাতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য জাপানে যাওয়ার পথ আরও সহজ ও টেকসই হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান, জাপান সেলের প্রধান (যুগ্মসচিব) মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, জাপানে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও যোগ্য কর্মী পাঠানো গেলে দেশের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থান খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

