প্রবাস বুলেটিন ডেস্ক
ঢাকা | ২ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, চলমান মামলা-সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি হলে যেকোনো সময় শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে দুই মন্ত্রীকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে চিঠি পাঠান। তবে মঙ্গলবার (১ জুলাই) রাত পর্যন্ত তাদের সফরের বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সম্মতি জানানো হয়নি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যৌথ বিবৃতিতে মানবসম্পদ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে সম্মতি হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স কমিটি প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী প্রথমে জয়েন্ট ওয়ার্কিং কমিটির (জেডব্লিউসি) বৈঠকে কারিগরি ও নীতিগত বিষয়গুলো চূড়ান্ত করা হয়। পরে সেই সুপারিশের ভিত্তিতে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই শ্রমবাজার চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কর্মকর্তার ভাষ্য, গত বছর জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী এবার বৈঠক মালয়েশিয়ায় হওয়ার কথা। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, মালয়েশিয়া সরকার এবার শ্রমবাজার খুলবে এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরু করবে।”

মামলা জটিলতাই প্রধান বাধা

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বর্তমানে শ্রমবাজার চালুর পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে চলমান মামলা-সংক্রান্ত জটিলতা। এসব বিষয়ে অগ্রগতি হলে প্রক্রিয়াটি আরও দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, মানবপাচার ও অর্থপাচার-সংক্রান্ত একটি মামলার তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতিবেদনে একটি অভিযোগে সংশ্লিষ্টদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তবে একই মামলার অন্য একটি ধারায় ৫২ জনকে অব্যাহতির আবেদন এবং ৫১ জনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। এসব অভিযোগ বর্তমানে বিচারাধীন।

কর্মকর্তার দাবি, মালয়েশিয়া সরকার চায় শ্রমবাজার-সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক। কারণ এসব বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি তাদের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

জুলাইয়েই সুখবরের আশা

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক খবর আসতে পারে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মালয়েশিয়া সরকারের ওপর নির্ভর করছে। তারা আনুষ্ঠানিক অনুমোদন দিলেই শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হবে।

মালয়েশিয়ায় উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষা

মালয়েশিয়াভিত্তিক একটি সূত্র জানিয়েছে, বিদেশি শ্রমিক সংকট এবং শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দেশটির বিশেষ মন্ত্রিসভা কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারে। বিদেশি কর্মী নিয়োগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত সাধারণত এই কমিটিতেই নেওয়া হয়ে থাকে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর চূড়ান্ত হলে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। বৈঠকের পর অথবা মালয়েশিয়ায় ফিরে যাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে কি না, সেটিই এখন সংশ্লিষ্টদের মূল অপেক্ষার বিষয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ কার্যত বন্ধ রয়েছে। যদিও মালয়েশিয়া অন্যান্য সোর্স দেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া, রিক্রুটিং এজেন্সির সংখ্যা এবং স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়, যার প্রভাব দুই দেশের শ্রমবাজার সহযোগিতার ওপরও পড়েছে। বর্তমানে উভয় দেশই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই কর্মী নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রেখেছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version