প্রকাশের তারিখ: ৭ জুলাই ২০২৬

কুয়ালালামপুর, ৭ জুলাই: বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়া সরকার। দীর্ঘদিন ধরে প্রচলিত ‘কেস-বাই-কেস’ ভিত্তিক অনুমোদন পদ্ধতি বাতিল করে এখন থেকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক আবেদন, যাচাই ও অনুমোদন ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে নিয়োগকর্তাদের আর সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে আবেদন বা তদবির করতে হবে না।

রোববার (৬ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান।

অনলাইনেই হবে আবেদন ও অনুমোদন

মানবসম্পদমন্ত্রী জানান, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনের সব আবেদন এখন থেকে Foreign Workers Centralised Management System (FWCMS)-এর মাধ্যমে অনলাইনে জমা, যাচাই ও নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় ভিড় ও দীর্ঘসূত্রিতাও কমে আসবে।

ওয়ান স্টপ সেন্টার এখন মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে

মন্ত্রী জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার (OSC) এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।

নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো অনলাইনে আবেদন যাচাই-বাছাই করে তাদের সুপারিশ ওয়ান স্টপ সেন্টারে পাঠাবে। এরপর বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরোনো আবেদনও নিষ্পত্তি হবে নতুন ব্যবস্থায়

মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে ম্যানুয়ালি জমা দেওয়া ৫৪৮টি প্রতিষ্ঠানের ২২ হাজার ৪৭৬টি কোটা আবেদনও নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় নিষ্পত্তি করা হবে।

স্থানীয় কর্মী না মিললেই বিদেশি কর্মী নিয়োগ

মানবসম্পদমন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাদের অবশ্যই স্থানীয় শ্রমবাজার থেকে কর্মী নিয়োগের চেষ্টা করতে হবে।

এ জন্য MyFutureJobs প্ল্যাটফর্মে স্থানীয় নাগরিকদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ এবং Employment Act 1955-এর Section 60K অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। স্থানীয় কর্মী পাওয়া না গেলে তবেই বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করা যাবে।

ওয়ার্ক পারমিট ইস্যুর দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

তবে বিদেশি কর্মীদের Employment PassWork Permit ইস্যুর চূড়ান্ত দায়িত্ব আগের মতোই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকবে বলে জানিয়েছেন মানবসম্পদমন্ত্রী।

বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক বার্তা

সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগ মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়াতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version